গাছগরজ

গাছগরজ

------



আমাকে কাজ গরজে গাছের কাছে যেতে হয়, 

যেতে হয় ফুল ফল বীজ আহরণে 

সকাল বিকেল হেমন্ত শীত - বারো মাস

সবুজ চিরহরিৎ বা পর্ণমোচী যা কিছু জীবিত

বীরুৎ গুল্ম বা বনসাই যা কিছু ভাস্বর  

আমাকে কাজ গরজে তার কাছে যেতেই হয় । 



গাছ সে কথা জানে, সে মানা করে না

বরং গাছকে আমি দেখাই এই আকাশ

আকাশ ফুড়ে চলে যাওয়া বোয়িং ৭৪৭,

তাকে আমি মহাকর্ষ ব্যাখ্যা করে বলি

আপেলের পড়ে যাওয়া এক বিজ্ঞান

পড়ে শোনাই মোহনদাস করমচাঁদ গান্ধী 

এক মনুষ্য ইতিহাস



গাছ তার অস্ফুট কুড়ি মেলে আমায় দেখে

সদ্যউদিত সূর্যের আলো পড়ে 

তার শিশুপল্লব চকচক করে ওঠে


গাছকে আমি বন্ধু ভাবি 

ভূমিপৃষ্ঠে সে শিকড়ে বাকলে বদ্ধ ও অথর্ব , 

আর আমি তাকে আমার মহান যাত্রাপথের কথা শোনাই , 

পড়ে শোনাই হিউয়েন সাং ও ইবন বতুতার কথা,

হাজার বছরে হেঁটে এসে দেহ শ্রান্ত যখন  

গাছ আমাকে ছায়া দেয়


গাছ হাঁটতে পারে না 

গাছ শুধু নি:শব্দে দীর্ঘশ্বাস ফেলে  

গাছ লিখতে পারে না 

কোন কাব্যগ্রন্থ প্রকাশ পায়নি তার

আর আমি তাকে শেখাই ক্রিয়াপদের ব্যবহার 



গাছ বড় নির্ভেজাল ও সাধারণ,

কারো কাছে তার যাওয়ার নেই 

গন্তব্য নেই তার

তার কোন মিছিল নেই,  নেই কোন পতাকা

তার কোন কথা নেই, বলার নেই

নখ নেই, আঙুল নেই

নেই কোন প্রতিবাদে মুষ্টিবদ্ধ করার মত হাত । 


গাছ কি পারে , আর কি পারে না 

সে কথা সে জানে !  

সে ফলিয়ে ফেলে সোনালী ধান, 

ফুলিয়ে ফেলে সবুজ ঝাঁকড়ার মাঝে হলুদ গাঁদা  



ফুলের সুগন্ধের জন্য আমি গাছের কাছে যাই 

নিঃশ্বাস নেওয়ার জন্য আমাকে গাছের কাছে যেতে হয়

আমাকে মরে যাওয়ার জন্যও গাছের কাছে  

একখানি কুড়াল হাতে যেতে হয়

নিজস্ব চিতার জন্য আমার কিছু কাঠ প্রয়োজন ।