৭৬৪
৭৬৪
--পীযূষকান্তি বিশ্বাস
নজফ নামের উড়ানের পাশে একটি ডাহুক রেখেছি
দু-পাইপ আরো নীচে নেমে যাওয়া পানি
এতোটা গভীরতায় যতোটা ঝাঁকা যায়
একবার যদি পিছন ফিরে দেখি
এই উত্তাল জুড়ে ধুসর ধুকপুক এখনো লালডোরা
আর
রাহ থেকে কবেই ছিটকে গেছে পালাম কলোনি ।
নিকট মানে শহর ছিলো না আদৌ
নাকি ছিলো ?
সাতটা সাতাশ মানে ছিলো না দৌড়ে আসা পথ
বুঝি, নজফ মানে ক্রমশ বোধ্য হয়ে ওঠা একটি গড়
একক জীবন ডাহুকের ডেকে ওঠা ঘর ...
একক রাস্তায় এভাবে কতটা দূর যাওয়া যায়
একক রুটে কতবার কদমবদল
অথবা পৌঁছানোর ছিলো না কোথাও
পাথরে লাগাতার লিখতে লিখতে মাইলফলক
নজফ থেকে কখন জানি ছিটকে গেছে যাত্রাসমূহ !
এহেন নজফ নামের গড়ের কাছে
একটি গন্তব্য রেখেছি;
আর যখন পিচেমোড়া সড়ক জুড়ে এক দিল্লি রৌদ্র ফুটেছে
দুপাশে উদগ্র ডানায় এই ছুট...
ডেকে ওঠা ডাহুকের স্বরে
সাই-সাই ছুটে যাই সেভেন সিক্সটি ফোর ।