নৈবদ্য
নৈবদ্য
-পীযূষকান্তি বিশ্বাস
হে পৃথ্বীরাজ
এই মাটি থেকে তুমি কি শীতল
আর এই মিনার থেকেও তুমি কতো দীপ্ত !
এই পুকুর থেকে গভীর
বাগিচায় দ্যাখো কত না জানা ফুল ফুটেছে
পুজোর নৈবদ্য...
তাহে, সাজানো হবে কি হবে না ...
তুমি, নাম দাওনি তাই নাম তার নাম নেই
সুলতান ফুলের থেকে রক্তকে
অধিক রাঙা মনে করেছে
বেলে পাথরকে পুড়িয়ে মিনার বানিয়েছে
পুড়ে যাওয়া কর্পূরের গন্ধে
আবহাওয়ায় মিশে আছে জ্বলজ্বল দেবীদহন...
ধিল্লিকাপুর আমি দেখিনি
দেখিনি অশ্বখুরে উড়িয়ে দেওয়া ধুলো
ঐ অতিদূরে তরাইন, হে রায় পিথোরা
আমার মা শুয়ে আছে
এই মাটিময় ঝাঁটি বাবলায় ।
আমিও হয়তো কোন সম্রাট ছিলাম।
এই লালমাটি লালকুঁয়ায়
তুমিও হয়তো রানী ছিলে ,
তোমায় লক্ষ্য করে এই মগ্নমহলায়
বাবলার বন থেকে দু পালক
ময়ূর উড়িয়ে দিলাম।