ব্রুট-ফোর্স আক্রমণ
প্রিয় পত্রিকা কবিতা করিডোরে দিলাম ।
-----------------------------------------------
ব্রুট-ফোর্স আক্রমণ
--পীযূষকান্তি বিশ্বাস
চোদ্দশো কিলোমিটার অতিবাহিত হয়ে যাবার পর
যেন আমি গড়িয়ে না যাই এই অববাহিকায়
আওয়াজ করে ছুটে যাওয়া গতি প্রবাহ
প্রতিবন্ধকতা হেতু যে সব একগুঁয়ে টুকরো ব্যাসল্ট
তাদের প্রতিটি অভিমুখ বুঝে যেন আমি নির্দ্বিধায় হাঁটি ।
যেহেতু অর্জন, তাই যেন তার সীমা ছাড়াতে পারি
ভেঙ্গে ফেলতে পারি তার শরীরের জাড্যতা
শিখর বিজয়ে যেন বাধা না হয়ে ওঠে
হর হালত, মনের ভিতের লুকিয়ে থাকা ভয়
হে, লক্ষ্য আমার জীবনবোধের প্রাপ্তির শিখর
ব্রুট-ফোর্স মানে এই সংকল্প,
আর তার আক্রমণ মান একা জেগে থাকা রাত্রি
কোনও প্রতিকূলতা যেন আমাকে থামাতে না পারে ।
এতোটা কাল শূন্য যতদূর আমাকে নিয়ে এসেছে
কাল নিশ্চিত তা কোথাও নিয়ে যাবে না
গণিত আমাকে এই ঈশ্বরে বিশ্বাস নিয়ে এসেছে
এই যাপন পথ প্রায়শই রুক্ষ এবং ক্ষমাহীন
আমি যেন তার সেই তীব্রতর লক্ষ্য ভেদ করে যাই ।
যেহেতু ব্রুট-ফোর্স তাই মূর্ত আক্রমণ
আমার দৃঢ় সংকল্প আর অটল লক্ষ্য চাঁদমারি
কিভাবে প্রতিটি দেয়াল টপকাই,
প্রতিটি পরীক্ষা অতিক্রম করি
তথাপি, সংগ্রাম আমাকে সংজ্ঞায়িত করে না ।
বরং যে স্থিতিস্থাপকতার সাথে নিজের মুখোমুখি হই
আর নিশ্চুপ রাত আমাকে এই অবয়ব দিয়েছে
এইখানে আমি আমার হাতঘড়ি খুলে রাখি,
গভীর থেকে গভীর রাত্রির অপেক্ষায়
কখন যে আমার এই নক্ষত্রক্ষণ কেটে যায় ।