রুট-১

রুট -১

গতির চিহ্ন উড়ে যায় , 
ঐ যে আদুল আসমানী আষাঢ়ের আহ্বানে 
সিঞ্চন  জুড়ানো হিমাইত
ঐ গ্রামে উছলে পড়েছে পুর ,
আমার জন্মতারিখ নিয়ে মেঘরোদ্দুরে 
কেন যে তার অকারণ গহীন ভেসে যায় ;

সে কথা কি জানে না পালাম মহাবীর
দ্বারকার জুলাই এনক্লেভে
আর একটা ধেড়ে ইঁদুরের মতো ধুসর
এই ফ্লাইওভারের নীচে দ্যাখো পঁয়তাল্লিশ ডিগ্রিতে
কেমন বাংলার ঠাটে মিশে যাচ্ছে হরিয়ানভি জাঠ
 
দৌড়, এক গতির পঙক্তিমালা, 
যে কোন দিকেই আমি দৌড়াতে পারি 
মাটির কোমল থেকে রুট ছিন্ন করে 
রাওতুলারাম বক্ষে কোন চৌহান উড়ে যায়

জন্মকথা নিয়ে সে গ্রাম মেঠো
হিমের পরশ আর থমকে পড়ার নির্ভীক ঋতুকথা
আমি বরং স্তব্ধ হবো, মুগ্ধের দিকে হেঁটে যাবো
যেদিকে তার শ্যামল রুট চলে গেছে  ।