রুট-২

রুট-২


এখানেই থেমে যেতে পারতে , 
বলেছে পালাম দাবড়ী রোড 
থমকে গেছি গতিমুখরতার  ধ্বনি উচ্চারণে 

এ থামা কি থামা
এই পথ কি কোন পথ

সবুজহীনতার ক্ষণচিত্র নিয়ে তবুও 
এপাড়ায় সেপ্টেম্বর নেমে আসে 
দশরথপুরীর আকাশে তাই  কোন শরৎ দেখিনি

পরিযায়ী বাংলা নিয়ে ছুটে যায় ঐ রিক্সা
দশকর্মার দোকানে সাজানো ঐ কাসুন্দির বোতল , 
ধুসর হয়ে আসে ৭৬৪ 
ঐ রাস্তা চলে যায় নজফগড়ে
এই নভেম্বরে পথ শেষ হয়ে গেলো পাঙ্খা রোডে
আমার হেমন্ত বলে কিছু নেই


অবলুপ্তির প্রচ্ছন্ন দ্বিধা নিয়ে ডিসেম্বর পার করে যাই
সুলভ শৌচালয় মোড়ে হেসে ওঠে  
আগস্ট ফেলে আসা নিবেদিতা বালিকা বিদ্যালয়

থেমে যেতে পারি, 
যে মোড়েই আমি নেমে যেতে পারি

অন্তত: রুটে ফিরে যাবার আমার সেইসব সরণী 
যখন ঋতুর রংমূর্ছনায় মুছে গেছে