রুট-৫

রুট-৫

এই রুট যদি না শেষ হয়, 
এই পথ যদি না মিলে যায় দিগন্তরেখায়
এই সহজ নীল নিয়ে কেন আর মেঘ লিখে রাখা 
এই রোদ ডুবে গেলে
কেন তার পরিযায় নিয়ে সহজ দিন লিখে রাখা 

তুমি চেয়েছো বরং আলেখ্য জীবন
হেঁটে গেছো গৌড়, কর্ণসুবর্ণ ছেড়ে ভিন্ন নগরে , 
নিজের ভিটে থেকে দূর
নিজের ভাটিয়ালি থেকে দূর 
অন্য মুলুক 

কাঁচা মাটির কাছে আগুন রেখে 
যে কবি চলে গেছে বিষয়ের সন্ধানে
তুমি তার কাছে যতিচিহ্ন চেয়েছো 
প্রত্যয়, কাল, পুরুষের কাছে চেয়েছো রমণবাক্যমালা 

হায়! কবিতা জানি, 
এক সহজ সম্পাদ্যের নাম 
শেষ হয়ে আসা তার বৃত্ত, 
পৃথিবীর সব অঙ্কন  মিলে গেলে
নিশ্চিত ঘুমিয়ে পড়া যায় রেল লাইনের উপর

অনায়াসে কেটে যায় যে রুট
ধোঁয়া উড়িয়ে যে ট্রেন চলে যায় কঠিন ইস্পাতে
ধড়সহ কেটে যায় যে সহজ পংকতিমালা, 
কোন কবিতা জানি
আর তাকে লিখে রাখে না ।

- ইন্টারেকশনে দিলাম