রুট-৬
রুট-৬
নিম, এখন শুধু এই তিক্ততা নিয়ে বেঁচে থাকা
এতটা জীবন এই ভাবে গাছ হয়ে দাঁড়িয়ে
এই ঘিরে আসা দেওয়াল-জংগলে ক্রমশঃ একা
চারিপাশে আকাশচুম্বনের দৌড়ে উঠে আসা
প্রোমটারদের ভিড়ে
নিম ভাবেন তার জন্মসূত্রের কথা
বহুদূরে বাপ-ঠাকুরদার বিঘাসমেত ভিটেবাড়ি
নিম থেকে মহানিম হয়ে ওঠার বীজমন্ত্র
কবিরাজের কণ্ঠে ধ্বনিত হওয়া তার হরিৎ উচ্চারণ
মাটিই এখন তার একমাত্র আপন
তাছাড়া নিজের সৃষ্টিই নিমের অচ্ছুত
এই জুলাই এর পঁয়তাল্লিশ ডিগ্রিতে
জলবায়ু নামের বন্ধুরা দূরদূরান্তে চলে গেছে
ছানিপড়া চোখে পথচারীদের হেঁটে যাওয়া দেখেন নিম
হেঁকে যাওয়া সব্জীবালাদের থামিয়ে জিজ্ঞাসা করে ওঠেন
ওগো, তোমরা কি জানো এই মহল্লার জন্ম কাহিনী ?
এই কলোনির বেড়ে ওঠা
এক থেকে দুই,
দুই থেকে চার মঞ্জিলে
সেই আষাঢ়ে নতুন দম্পতি এসে
যখন ঘর বেঁধেছিলো এপাড়ায় ?
বুলডোজার আসে
খুঁড়ে ফেলা মাটির উপরে থমকে গেছে কলোনি
ইট পাথর সিমেন্টের মাঝে
মহানিমের রুট কাটা পড়ে যায়
এই আগস্ট পেরিয়ে গেলে জানি
প্রতি গৃহদ্বারে সতর্কবাণী লেখা হবে
ঋতুবদলের যার জন্য কোন ইতিহাস দায়বদ্ধ নয়