এসকেপ

একটি বিশুদ্ধ সরকারের কাছে শাসনপ্রনালী নিয়ে উচ্চবাচ্য করার পর নির্মল কন্ঠ ধরে আসে ।  ভদ্র থেকে মহোদয় ও আশ্রিত জনগণ প্রতিমুহূর্তেই ভাবছেন মন্ত্র, আইন আর সংজ্ঞাবদ্ধ পুরস্কার ।  কেউ পাচ্ছেন সেই বরমালা, কেউ নাচিয়ে উঠেছেন ধুপধানি,  রাজমন্দিরে জমে ওঠা পুজোপাঠ আর পবিত্রতার ধ্বনিতরঙ্গের মাত্রা নিয়ে  রাজসভা জমজমাট,  কোর্টে উঠেছে মামলা ।  আর তার থেমে যাওয়ার তারিখ নিয়ে সন্তমহাজন উচ্চারণ করে ওঠেন এন্টার ও স্পেস । 

প্রাজ্ঞ আমাদের দিয়েছেন ইউনিকোড ও অভ্র  । এইসব দিয়ে আমরা দেওয়াল সাজাই । মন্দিরমার্গের অন্ধকারে নির্ভয়া ধর্ষিতা হলে সেই অভ্র আমরা দেওয়ালে জ্বালিয়ে দিই । সন্তমহজন জানেন সেই কথা ।  সাধুর সাবধান যখন কর্ণকুহরে জমা করছেন মোমবাতি , পুজোর অর্ঘ্য হিসাবে পুড়ে যাচ্ছে শরীর ও যৌনতা , সরকার ভাবছেন এই হলো মন্দিরের দেওয়ালে ফুটিয়ে তোলা পর্ণমোচী বৃক্ষের প্রতিমা । আমি প্রেস করি কন্ট্রোল ও সি । আপনিও করেন । কীবোর্ডে ঝড় ওঠে, বিতরণ হয় পবিত্র মন্থনে তুলে আনা প্রাসাদ ও প্রসাদ । 


পাথর বাটির উপর সেইসব ফলমূল লিপিবদ্ধ সেই সব গ্রন্থমালা হরপ্পার খোদাই কার্য শেষে হুমড়ে পড়ি ১৯২০ । আমরা বসে পড়ি ধ্বংসবাশেষের পাশে ১০৮০ । এই সমস্ত পিক্সেলে  তাদের প্রতিবাদ ও অবসরের  আগ্রহ আর ভ্রম যেভাবে কিলবিল করে ওঠে , নিশপিশ হাতের  উপরনীচে জমা হতে থাকে উদ্গীরণ । জমা হতে থাকা অপরিচ্ছন্নতার মাঝখানে সেখানে বার বার এন্টার আর স্পেসের ঔজ্বলতায় বার বার ভুলে যাই রাজ্যপাঠ । কুয়াশা আমাদের মায়া । পুস্তক প্রকাশনা আমাদের কায়া । অকারণ কিছু লেখার জন্য লেখা, অকারণে কিছু খেলার জন্য খেলা । সেখান থেকে পলায়ন করার জন্য একটি এস্কেপ প্রেসই যথেষ্ট ছিলো । 

এস্কেপ তার দূরত্ব নিয়ে ভাবেন, ভাবেন তার ভৌগলিক অবস্থানের কথা । আবেগের রোমান্টিক মুহূর্তে হাতের কাছে না থাকার মূল্য তাকে চোকাতে হয় । অথচ বিপদের সময় মাউস মানে, একটি বিড়াল চরিত্র, যাকে ফেলে তাকেই যখন স্মরন করে ওঠেন লেখক । খাতার উল্টোপিঠে তার অ্যাসকি কোড প্রিন্টেড দেখে করুণা হয় । বাংলা জাতীয়তাবাদ নিয়ে তাঁর সমস্ত প্রবন্ধপংক্তি সাধারণ মাত্র ট্র্যাশ । রিসাইকেল বিন যেন উদ্গ্রীব হয়ে আছে । 

সংজ্ঞা কখোনোই মনিটর থেকে উচ্চ হতে পারে না । কিবোর্ড কখনোই হতে পারে না একটি অক্ষরমালা ।  সে একটি বিন্যাস মাত্র । এইসব কথা কোন এক পঞ্চমীর রাতে আমি জেনেছি অন্ধকারে বেড়ে ওঠা ভেরেন্ডা গাছ থেকে । তার নাতিউচ্চ প্রশাখাগ্রামে আমার প্রিয় কুটির ঝুলে আছে । সেখানে পলায়ন হেতু, আমাদের এই প্রগাড় পুরাণ । একটি কীপ্রেস, অথবা একটি চমতকার ইঁদূর, চলুন ধরে ফেলা যাক গাড় সমাচার । এইপ্রদেশ সত্য, এই বাক্য সত্য , যা কিছু আনন্দিত, সহজেই অনুমোদিত, তুমি তাকে প্রণাম করো ।