ইট মূলতঃ
ইট মূলতঃ
-পীযূষকান্তি বিশ্বাস
ইট মূলত মাটিই তার ক্রমাগত পুড়ে ওঠা
যেটুকু তার কঠিনত্ব সেটুকুই জীবন
আর কে বা মনে রেখেছে
লোহিতঝামায় তার আগুন যৌবন
অট্টালিকার কোমল খাপে রেখে তার সুদৃঢ় খাপ
বেমঞ্জিল বেয়ে উঠে যাওয়া শীর্ষ অভিমুখ !
ইট মূলত মাটি শুধু পেকে ওঠা
যেটুকুই তার দৃশ্যমান, সেটুকুই অর্থ
অটুট বলে তাকে আর কেন বা সম্বোধন
এই জুলাই আগস্ট
যে ভাবে জ্বলেপুড়ে গেছে তার যাগযজ্ঞ কাঠ
আগুন সাক্ষীরেখে যেভাবে তোমার আমার
পিতামহ - পিতামহীর পুড়ে ওঠার মানে
তোমার আমার জন্ম
এই সুউচ্চ ইমারতের ভগ্নদেওয়ালে ।
সে তো
স্মৃতিলহমায় ভেঙে যাওয়া এক ধূলি বিষণ্ণতা
মাটি মানে শুধু মাটি , এই তার সামান্য প্রকাশ
এ জীবন ভেঙ্গে যাওয়া শ্যাওলা ও পাথরে ।
প্রতিষ্ঠা যাকে বলো সে শুধু উচ্চে ওঠা
বেলে পাথর বলে যা কিছু জানো কুতুব মিনার
জেনো, ফের মাটি হয়ে মিশে যাওয়া মাটির উপর ।
অক্ষরকে ভাবলেই অক্ষর
ইতিহাসকে ভাবলেই ইতিহাস
এর কোন অন্য অর্থ নেই ।