বুঝে ওঠো ধান
বুঝে ওঠো ধান
--পীযূষকান্তি বিশ্বাস
রোশনি ঘরবাড়ি আনাচ কানাচ ছায়া অন্ধকার
লেবুবাগানের উপর ভেঙে আসা চাঁদ
খামারে জীর্ণ হয়ে আসা - তামাম ।
চাকা নিয়ে এতোটা গড়িয়ে যাচ্ছি
সময়ে পিছলে যাচ্ছে ময়ান দেওয়া পথ
যতটা পথ তার পেরিয়ে আসা গেলো
দুমুঠো ফেনা আর তার গরম আমানি
পুত্র, কন্যা, বধূ, সহ
তুমি তার যাপন বুঝে ওঠো ,
অনুভব করো জীবনের মালাসমূহ ।
আমি বরং আজ,
এই খানে বসে থাকি
দেখতে থাকি ছেড়ে আসা সময়সারণী
স্মৃতিপদ্মে গেঁথে রাখা কয়ারগাছির বিল
আমার ফেলে আসা ভিটেবাড়ি
গরুর গাড়িতে বাবা পার করছে মাঠের সবুজ
আকাশে রোদের আগুন পাহারায়
বুঝতে পারছি আর একটি কেটে যাওয়া দিন
দিনের উপরে ভেঙে আসা চাঁদ
চাঁদের উপরে ভেঙে আসা চাঁদ
চাঁদের উপরে ক্ষেতখামার ভেঙে
যে সোনা ফেলে এলাম হে বাংলাদেশ
তুমি তার
কোটি কোটি ধান বুঝে ওঠো।