ইন্দ্রপ্রস্থ নামক-১

 

ইন্দ্রপ্রস্থ  

---পীযূষকান্তি বিশ্বাস

 

সেই সব দুপুর নামক নীড়

সেইসব ভালোবাসা নামক বাকুম

আকাশচুম্বীতে বিলীন হয়ে যাওয়া সুলতানাত 

একে অদ্বিতীয়ম জুড়ে অনন্ত খন্ডহর

মনুষ্যসন্ধিক্ষণে মিথের মতন

স্নানরতা রাজকন্যার 

এখনো তার তুলতুল  শোনা যায়

 

দূরআকাশ অট্টালিকার কাছে   

ধুলিময়তার ধ্বনি 

হেন প্রবাহে আত্মসমর্পণ করেছে 

প্রচ্ছন্ন রূপকথা  

 

সেইমতো অভিমুখ,

সেইসব গুটরগু আর পোশাকের পাখি 

সেই অনুরাগ নিয়ে আজকের চট্টান বিহানমালা 

 

সমস্ত যুদ্ধধ্বনিকে ছাপিয়ে বিছিয়ে দিয়েছে এই সাহাজানাবাদ

আমি তার গাঁ থেকে ঝুলেপড়া 

ঝাঁটিবাবলা দেখি

মঙ্গার মানে এক অপরূপ  ইতিহাসকন্যা ।


একটা পূর্ণ নিঃশ্বাস নিয়ে তার পাঠ্য

পড়বো মগ্নতায় হয়তো কোনদিন

তার অলিখিত কাব্যমুহূর্ত থেকে 

আমি তার সামান্য অবসর চেয়ে রাখি

 

---------

 

বাকম 

---পীযূষকান্তি বিশ্বাস

 

ভালো নামক এক বাসা,

ভাষা নামক সে এক দূর বাউল

সামান্য ধ্বনি নিয়ে আর 

কত দূর যাবো হে পৃথ্বীরাজ ।

 

এই মর্মর শহরে এক ফুলে ওঠা বাকম  

ব্যালকনি থেকে ব্যালকনি 

এই স্বপ্নসবুজে কবিতা লেখার অজুহাতে

প্রতিনিয়ত কেঁদে কেঁদে একখানা দেওয়াল খুঁজে ফেরা  

 

ফুরানো মানে 

কখনোই তো সীমানা ছিলো না

আর তুমি যেখানে আকাশ দেখতে চেয়েছিলে 

পূর্ণ নিঃশ্বাস ভরে  প্রচ্ছন্ন উড়ান দেবার কথা !

 

পাখি নামক এই জন্ম  নিয়ে ইতিহাস 

তার পাতা লিখেছে  বিলুপ্ত জানালা

 

পুরানা কিলার রন্ধ্রে চুপ হয়ে গেছে কবুতর

গলিগলি মহল্লাময় থেমে গেছে হল্লা নামের পৃথিবী 

মেহরোলি মিনার থেকে কখন জানি জেগে ওঠে বাদশাহ  

অনন্ত ঘুম থেকে উঠে কখন জানি লালমাটি সুলতান  

পাখিময় চোখে তার সুজনকালো সুরমা ভিজে আসে